বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নানিবাড়ি দিনাজপুরে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান

দীর্ঘ প্রায় ২০ বছর পর দিনাজপুরে নানিবাড়িতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণায় এসে নানি–নাতির চিরন্তন সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নানিবাড়িতে নাতি এলে তাকে খালি হাতে ফেরানো হয় না। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবার কাছে ধানের শীষে ভোট ‘উপহার’ চান তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত কণ্ঠে তারেক রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, বহু বছর পর আজ আমি আমার নানিবাড়িতে এসেছি। নানিবাড়ির মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আপনাদের সামনে হাজির হয়েছি।” তিনি বলেন, দিনাজপুর তার নানীর বাড়ি এবং এখানকার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে।

দিনাজপুরের কৃষিসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কাটারী ভোগ চাল ও বিশ্বখ্যাত দিনাজপুরের লিচু আন্তর্জাতিক বাজারে পরিচিত করার পূর্ণ সক্ষমতা এ অঞ্চলের রয়েছে। তিনি অভিযোগ করেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও আজও লিচু প্রক্রিয়াজাত ও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়নি। বিএনপি ক্ষমতায় এলে আধুনিক হিমাগার ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান জানান, দিনাজপুরকে একটি আধুনিক কৃষিভিত্তিক শিল্প অঞ্চলে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বিএনপির। কৃষকদের ভাগ্যোন্নয়নে প্রত্যেক কৃষককে কার্ড দেওয়ার মাধ্যমে সহজ ঋণ, সারসহ সরকারি সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি নির্বাচনে বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি।

গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে জনগণ প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষকে মরুকরণের ঝুঁকি থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শেষে দিনাজপুরের বিএনপি প্রার্থীদের ধানের শীষ প্রতীক তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেনসহ জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর খানসামায় জিয়া সেতুর উদ্বোধনের পর এই প্রথম দিনাজপুর সফরে এলেন তারেক রহমান। তার আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...