বাংলাদেশের বেসরকারি টেলিভিশন অঙ্গনের অন্যতম পুরোনো ও জনপ্রিয় চ্যানেল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন ও শিল্প খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি দেশের প্রভাবশালী গণমাধ্যম দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যান। এছাড়াও তিনি এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে টেলিভিশন শিল্পের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা এশিয়ান টেলিভিশন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে অগ্রগামী একটি মাধ্যম। সংবাদ, নাটক, বিনোদন ও সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের আস্থা অর্জন করেছে চ্যানেলটি। দেশীয় সংস্কৃতি ও সৃজনশীল কনটেন্টে অবদান রাখার পাশাপাশি এশিয়ান টেলিভিশন গণমাধ্যমে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দর্শকবান্ধব হয়ে উঠবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
এদিকে, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চট্টগ্রামের প্রতিনিধি মো. রিপন চৌধুরীর পক্ষ থেকে মো. লিয়াকত আলী খাঁন মুকুলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ফারুক, চট্টলা২৪

