মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটিতে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’। বিষয়টি নিশ্চিত করেছে জাহাজটির বাংলাদেশি এজেন্ট প্রতিষ্ঠান আলভি লাইন্স বাংলাদেশ।
আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, হঠাৎ করে জাহাজটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন।
তিনি আরও জানান, জাহাজে থাকা ১৬ জন নাবিকের সবাই বাংলাদেশি। থাই নেভির সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সকল নাবিককে নিরাপদে উদ্ধার করে। পরে তাদের ফুকেটের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া নাবিকরা সবাই সুস্থ রয়েছেন।
কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবে গেছে- তাৎক্ষণিকভাবে এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। উদ্ধার হওয়া নাবিকরা আগামী কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছে জাহাজের এজেন্ট প্রতিষ্ঠান।
ফারুক, চট্টলা২৪

