বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সোদি ও সংযুক্ত আরব আমিরাত থেকে শূন্য হাতে ফিরলেন ২১ প্রবাসী

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে দুটি পৃথক ফ্লাইটে আজ সকালে দুই নারীসহ মোট ২১ জন বাংলাদেশি শূন্য হাতে দেশে ফিরেছেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশ ও বিমানবাহিনী টাস্কফোর্সের সহযোগিতায় বেসরকারি সংস্থা ব্র্যাক এসব বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীকে জরুরি মানবিক সহায়তা প্রদান করে।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, বিদেশগামীদের একটি বড় অংশ চট্টগ্রাম অঞ্চল থেকে গেলেও নানা সংকটে পড়ে শূন্য হাতে ফেরার ঘটনাও এখানে বেশি। ২০২১ সাল থেকে এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত মোট ৪ হাজার ৭২৪ জন ক্ষতিগ্রস্ত কর্মীকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন।

আজ ফেরত আসা কর্মীরা অভিযোগ করেন, বৈধ ইকামা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠিয়েছে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমির আহম্মেদ বলেন, “আবু ধাবির জেলে টানা ২৭ দিন বন্দি ছিলাম। ঋণ করে বিদেশে গিয়েছিলাম, এখন কাজ নেই-আমি সম্পূর্ণ নিঃস্ব।” কুমিল্লার জহির আহমেদ জানান, অসুস্থ অবস্থায়ও তাকে ২৪ দিন জেলে রাখা হয়েছে এবং এ সময়ে সরকারি কোনো সহায়তা পাননি। ফেরত আসা নারী শাহিনা বেগমও একই অভিযোগ করেন।

চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও নোয়াখালীর প্রবাসীরাও আজ দেশে ফিরেছেন। বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তা জোরদারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন টার্মিনালে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ডেস্ক স্থাপন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এ ডেস্ক থেকে নিয়মিতভাবে জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...