নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধারসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে প্রশাসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। বিমানবন্দরে নামার পর তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হিসেবে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অর্থের উৎস ও সম্ভাব্য ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ফারুক, চট্টলা২৪

