বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনে নাশকতা প্রতিহত করতে কঠোর নির্দেশ বিজিবি মহাপরিচালকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনকালীন যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। আজ বুধবার সকালে তিনি রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ক্যাম্পগুলোতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নির্বাচনকালীন যেকোনো নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করতে হবে।

পাশাপাশি ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...