ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তিনি উল্লেখ করেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধ দেশকে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে। তিনি স্মরণ করেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমান এবং মাতা খালেদা জিয়া-র রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের কথা।’
বার্তায় বলা হয়, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা ও মানবসম্পদ উন্নয়নে সমন্বিত নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে জাতীয় ঐক্য, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।
প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সময় সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। পরিবর্তনের এই সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তার ইতিবাচক অবস্থান গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন।
দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সকল উদ্যোগ সফল হোক-এই কামনা করেন প্রধান উপদেষ্টা।
ফারুক, চট্টলা২৪

