আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার তিনি সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবন-এ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার শপথ পরিচালনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।
তিনি জানান, সংসদ সদস্যদের শপথের পর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
আইন উপদেষ্টা বলেন, প্রচলিত রীতি অনুযায়ী বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বিএনপির পক্ষ থেকে এ অভিপ্রায় জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে এ স্থানের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণ প্রক্রিয়া দেখছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

