গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে। তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটি হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত ৩৭টি বাসার কয়েকটিতে বর্তমানে উপদেষ্টারা অবস্থান করছেন। তারা সরে গেলে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য বাসাগুলো হস্তান্তর করা হবে।
নির্বাচনের আগেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি স্থান। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেখানেই তার বাসভবনের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
ফারুক, চট্টলা২৪

