জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি।’
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ ছিল দেশকে সচল করা, যা ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। অভ্যুত্থানের পর প্রশাসনের অনেক কর্মকর্তা দায়িত্ব ছেড়ে পালিয়ে যান বা আত্মগোপনে চলে যান। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় কার্যক্রম পুনর্গঠন করে সচল রাখা ছিল বড় দায়িত্ব।
প্রধান উপদেষ্টা জানান, সংকট কাটিয়ে দেশকে নির্বাচনের পথে আনা সম্ভব হয়েছে। গণভোট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনে জয়ী ও পরাজিত উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে হার-জিতই সৌন্দর্য। প্রায় সমান ভোট পাওয়ার বিষয়টি গণতান্ত্রিক আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
আগামী দিনে নতুন সরকার দায়িত্ব নেবে এবং এর মাধ্যমে ১৮ মাসের অন্তর্বর্তী দায়িত্বের সমাপ্তি হবে বলে ভাষণে জানান তিনি।
ফারুক, চট্টলা২৪

