শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাবে শিক্ষাব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী মিলন

শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সংসদ ভবনে শপথ গ্রহণের পর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।”

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব ‘গ্লোবাল ভিলেজ’-এ পরিণত হয়েছে। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে হবে। “ইটস নো লঙ্গার এ লোকাল কমোডিটি, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি”-উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডাইজেশন ছাড়া বিকল্প নেই।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বায়োটেকনোলজিকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সংযোগ জোরদার এবং টিভেট (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

মন্ত্রী আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি বিজয়ী হয়েছেন এবং সবার জন্য কাজ করবেন। শিক্ষা উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূল ও দুর্নীতিমুক্ত করে নিজ উপজেলাকে দেশের সেরা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।

উল্লেখ্য, ২০০১ সালে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...