দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার দুপুর ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সমাধিতে ফুল দেওয়ার পর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এর আগে বেলা ১১টার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবস উপলক্ষে আজ দুপুরে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেলে সেখানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক।
মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

