কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা এ সরকারের প্রতি। আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতার বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ- সরকার সে লক্ষ্যেই কাজ করবে।
শনিবার কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিতে আধুনিকতার ছোঁয়া দেন। কৃষিতে তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দেশ-বিদেশে সমাদৃত। তিনি নিজেকে একজন কৃষক হিসেবে উল্লেখ করে বলেন, “আমি জানি কিভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারাদেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
তিনি আরও জানান, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা তিনিই স্থাপন করেছেন এবং বর্তমানে জেলায় এক ধরনের শিল্প বিপ্লব ঘটেছে। এ অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি সরকারি গাড়ি ব্যবহার করেন না এবং তেল খরচও নেন না। আগামীতেও নেবেন না। এছাড়া সরকারি বেতন-ভাতাও গ্রহণ করবেন না বলে ঘোষণা দেন।
কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনা ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কুমিল্লা বিভাগের দাবির বিষয়েও তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

