বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক ও কার্যকর সংসদ গড়ে তুলতে চায়। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং মানুষ বলবে- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান, সংসদের কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদের রীতি-নীতি ও প্রথা নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। অতীতে সংসদে যেসব নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, সেগুলো মানুষের মন থেকে মুছে দিতে বিএনপি কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য হয়েছেন তারা নতুনভাবে সংসদীয় যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তিনি বলেন, একটি শিশু যেমন জন্মের পর নতুন পরিবেশ থেকে ভালো সংস্কৃতি শেখে, তেমনি নবীন সংসদ সদস্যদেরও ইতিবাচক সংসদীয় সংস্কৃতিতে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যে নতুন সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও আচার-আচরণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে অংশ নেবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এই কর্মশালায়।
ফারুক, চট্টলা২৪

