নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের নিম্ন আয়ের মানুষের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদান করা হলে মাঝপথে অর্থ লোপাট বা অনিয়মের সুযোগ থাকবে না। এতে প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোই এই সহায়তা পাবে।
এই কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই অর্থ গ্রহণ করতে পারবেন।
কর্মসূচি উদ্বোধনের সঙ্গে সঙ্গেই তালিকাভুক্ত ৩৭ হাজার ৫৬৭ জন নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে নির্ধারিত অর্থ জমা হয়েছে বলে জানানো হয়।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সরকারি তথ্যমতে, প্রাথমিকভাবে হতদরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে নিশ্চিত করা হয়েছে, যা এই কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
ফারুক, চট্টলা২৪

