জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন মনিরুল হক চৌধুরী।
রোববার (১৫ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
মনিরুল হক চৌধুরী বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের রাজনীতিতে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছে। রাজনৈতিক অঙ্গনে জামায়াতকে একটি পর্যায়ে পৌঁছাতে তার অবদান রয়েছে, যা ভুলে যাওয়া উচিত নয়।
তিনি বলেন, “এ কারণে জামায়াতেরও উচিত খালেদা জিয়ার অবদান স্মরণ করা।”
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস স্মরণ করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পরও কিছু মেধাবী ব্যক্তি রাজনীতিতে এসেছিলেন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করেছিলেন। তবে বাড়াবাড়ির কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “আমরা যেন সবকিছু ধৈর্যের সঙ্গে হজম করার তৌফিক পাই- এই লক্ষ্যেই আমি কথাটি আপনাদের উদ্দেশে বলছি।”
সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সঙ্গে বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আজকের বিরোধীদের চিনতে সমস্যা হলেও অতীতের কঠিন নির্বাচন ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।
ফারুক, চট্টলা২৪

