মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক বাজারে দামের ওঠানামার প্রেক্ষাপটে পেট্রল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে গ্যাসোলিন (পেট্রল) রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে রুশ সরকারের বরাতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রস্তাবিত এ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। তবে একই সঙ্গে বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা কিছুটা ইতিবাচক দিকও দেখাচ্ছে।
রুশ সরকার জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই রয়েছে, ফলে তেলজাত পণ্যের সরবরাহও স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়া এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কিছু অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দেয়। এ পরিস্থিতি মোকাবিলা ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া বারবার পেট্রল ও ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে।
শিল্প সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রল রপ্তানি করে, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।
ফারুক, চট্টলা২৪

