শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে।

শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে জনবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়নসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও কাজ চলছে।

তিনি আরও বলেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশের সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই ঐতিহ্যসম্মত ও গ্রহণযোগ্য নতুন পোশাক নির্ধারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান এবং উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন ৭২ জন শিক্ষানবিশ পুলিশ সুপার, যাদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...