শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গণভোট অধ্যাদেশ বিল আকারে আনার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৯ মার্চ: সদ্য সমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছিল, তার কার্যকারিতা শেষ হওয়ায় তা বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রবিবার (২৯ মার্চ) রাত জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে কারণে এটি করা হয়েছিল, সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট হবে না। তাই এটাকে আবার অনুমোদন করে বিল আকারে আনার কোনো অর্থ নেই।’

তিনি আরও বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয় এবং অধিবেশন শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে সেগুলোর ভাগ্য নির্ধারণ করতে হয়। তবে সংশ্লিষ্ট অধ্যাদেশের কার্যকারিতা ইতোমধ্যেই শেষ হয়েছে।

বিশেষ কমিটির বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো অধ্যাদেশ আগের মতোই পাস করার সিদ্ধান্ত হয়েছে, কিছু সংশোধন করে বিল আকারে আনা হবে। তবে সময় সীমিত হওয়ায় সবগুলো বিল একসঙ্গে আনা সম্ভব হবে না; বাকি অধ্যাদেশ পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে।

বৈঠকে বিরোধী ও সরকারি দলের কয়েকজন সদস্য কিছু অধ্যাদেশের বিষয়ে ভিন্নমত (‘নোট অব ডিসেন্ট’) দিয়েছেন। মন্ত্রী জানান, এসব মতামত রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে। বিল উত্থাপনের সময় সংসদের ফার্স্ট, সেকেন্ড ও থার্ড রিডিংয়ে সদস্যরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, নির্ধারিত ৩০ দিনের সময়সীমা অতিক্রম করলে যেসব অধ্যাদেশ বা বিল আনা সম্ভব হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস (বাতিল) হয়ে যাবে। তবে প্রয়োজনে পরবর্তীতে সেগুলো আবার বিল আকারে সংসদে উত্থাপন করা যাবে।

তিনি জানান, বিশেষ করে সীমানা নির্ধারণ বা আরপিও সংক্রান্ত অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ প্রভাব থাকায় সেগুলোকে আইনে পরিণত করা প্রয়োজন। মানবাধিকার কমিশন ও পুলিশ সংক্রান্ত অধ্যাদেশের বিষয়ে আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...