সারা দেশে নতুন পরিসরে আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’- এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই উদ্যোগের উদ্বোধন হবে সিলেট থেকে।
সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান, ক্রীড়া কার্ড বিতরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর অনুষ্ঠানটি আবার প্রচারিত হচ্ছে। এবার একই নামকে নতুন আঙ্গিকে ব্যবহার করে দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শখ বা বিনোদন নয়, এটি এখন পেশা। বাংলাদেশও সেই ধারার বাইরে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম- ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করবো। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা হলো।’
প্রধানমন্ত্রী আরও বলেন, যে খেলোয়াড় যে খেলায় দক্ষ, সে যেন নিশ্চিন্তে সেটিকে পেশা হিসেবে বেছে নিতে পারে—সেই লক্ষ্যেই ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে। তাদের পরিবারকে আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্ত রাখাই সরকারের উদ্দেশ্য।
তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা করবে।
ফারুক, চট্টলা২৪

