চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান স্বাধীনতার মাস উপলক্ষে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা-২০২৬ আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে। নগরীর কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বিকেল ৪টায় মেলার উদ্বোধন হবে। মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
সোমবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, বীর চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন।
তিনি জানান, ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫টি ডাবল ও ৯৪টি সিঙ্গেল স্টল। চট্টগ্রাম ও ঢাকার ১১২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে মেলায়। মেয়র বলেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় লেখক-পাঠকের ব্যাপক সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেলায় থাকছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা এবং লোকজ সংস্কৃতিভিত্তিক নানা আয়োজন।
তিনি আরও বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। বর্তমান প্রজন্মকে মোবাইল ও মাদকাসক্তি থেকে সৃজনশীল পথে আনতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নিরাপত্তার বিষয়ে মেয়র জানান, পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভির আওতায় থাকবে এবং পুলিশসহ বেসরকারি নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন।
ফারুক, চট্টলা২৪

