শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বকেয়া বেতনের দাবিতে চান্দগাঁওয়ে সড়ক অবরোধ, নগরে তীব্র যানজট

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় বকেয়া বেতনসহবিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের কয়েক হাজার শ্রমিক। এতে নগরের গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার পর থেকে শ্রমিকরা সিএন্ডবি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককে দীর্ঘ সময় আটকে থাকতে হয়, কেউ কেউ হেঁটে গন্তব্যে পৌঁছান।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে। ২০২০ সাল থেকে টিফিন বিল পরিশোধ হয়নি, ২০২২ ও ২০২৫ সালের ওভারটাইমের টাকা দেওয়া হয়নি। পাশাপাশি নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধাও বঞ্চিত করা হচ্ছে। তারা নিয়মিত বেতন প্রদান, ওভারডিউটি কমানো, শ্রমিকবান্ধব ইউনিয়ন গঠন, হাজিরা বোনাস চালু এবং আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।

শ্রমিক মো. মাহফুজুর রহমান লিমন জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবরের বেতন এখনো পরিশোধ করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চের বেতন দেওয়ার কথা থাকলেও আংশিক পরিশোধ করা হয়েছে।
অন্যদিকে আকলিমা খাতুন বলেন, মাতৃত্বকালীন সুবিধা বছরের পর বছর বকেয়া থাকায় তারা আর্থিক সংকটে পড়ছেন।

হাসান শরিফ অভিযোগ করেন, ২০২২ সালের কিছু ওভারটাইম বিল সঠিকভাবে দেখানো হয়নি এবং সিগনেচার জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে।

সড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। হাবিবুল হক নামে এক যাত্রী বলেন, দীর্ঘ যানজটে আটকে থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে হয়েছে। অ্যাম্বুলেন্স চালক আরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে আটকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। তবে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বেতনসংক্রান্ত বিরোধ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সাব্বির/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...