টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে করে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সোমবার (৪ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাবে নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার অন্তত আটটি পর্যবেক্ষণ কেন্দ্রে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জের নলজুর নদীর পানি ৪০ সেন্টিমিটার ওপরে রয়েছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদীতে ৮ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদীতে ৫০ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে, যদিও কিছু স্থানে পানি কমার প্রবণতা দেখা যাচ্ছে।
এছাড়া ভুগাই-কংশ নদীতে ৬৭ সেন্টিমিটার, মগরা নদীতে ৭৯ সেন্টিমিটার এবং একই নদীর অন্য অংশে ২৭ সেন্টিমিটার ওপরে পানি রয়েছে। হবিগঞ্জের কালনি নদীতে ১০ সেন্টিমিটার এবং সুতাং নদীতে ৮৩ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে।
পাউবো জানিয়েছে, হাওর অঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধির হার তুলনামূলক ধীর, ঘণ্টায় শূন্য থেকে এক সেন্টিমিটার পর্যন্ত।
এদিকে ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পানির প্রবাহ আরও বেড়েছে। চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাউবো।
সাব্বির/চট্টলা ২৪

