চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ও অপরাধ জগতের বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসা ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ডেভিড ইমনকে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে ডেভিড ইমনকে বলতে শোনা যায়, “পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে যে পরিবারও গুণতে পারবে না।” এ ঘটনার পর সাংবাদিক বিপ্লব দে’র পক্ষ থেকে কোতোয়ালী থানায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পরে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আরও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন ডেভিড ইমন। সেখানে তিনি দাবি করেন, “পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবারও গুণতে পারবে না” এটি সত্য হলেও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ “সম্পূর্ণ মিথ্যা।
ডেভিড ইমন তার পোস্টে উল্লেখ করেন, বিপ্লব দে নিজেকে বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে পরিচয় দিলেও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, আলোচিত কল রেকর্ডটি প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ অংশ নয়; বরং বিভিন্ন সময়ের কথাবার্তা কাটছাঁট ও জোড়াতালি দিয়ে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, বিপ্লব দে’র সঙ্গে তার ব্যক্তিগতভাবে সুসম্পর্ক ছিল এবং বিভিন্ন সময় সংবাদ সংশ্লিষ্ট প্রয়োজনে আর্থিক সহায়তাও দিয়েছেন। হটাৎ এমন ভিত্তিহীন অভিযোগ শুনে আমি নিজেও বিস্মিত।
ফেসবুক পোস্টে ডেভিড ইমন আরও প্রশ্ন তোলেন, “একবারের জন্যও কি প্রমাণ করতে পারবেন আমি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছি?” একই সঙ্গে তিনি বিপ্লব দে’র বিরুদ্ধে মাদক কারবার, ইয়াবা চালান এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনেন। যদিও এসব অভিযোগের পক্ষে তিনি কোনো তথ্য-প্রমাণ প্রকাশ করেননি।
জজ/চট্টলা২৪

