২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমানে ৯০০ টাকা থাকা প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে মাসিক ১,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বর্তমানে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি এ ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে এ সংখ্যা বৃদ্ধি করে ৩৮ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও সহায়তা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৮১ হাজার শিক্ষার্থী শিক্ষা ভাতা পেলেও আগামী অর্থবছরে এ সংখ্যা ১ লাখে উন্নীত করা হবে। পাশাপাশি শিক্ষার স্তর অনুযায়ী মাসিক শিক্ষা ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১,৪০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী করতে সরকার এসব পদক্ষেপ গ্রহণ করছে।
প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের জন্য ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের সংশোধিত বরাদ্দ ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

