শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হজযাত্রীদের স্বস্তি দিতে খরচ কমানোর উদ্যোগ, জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র হজ পালনের ব্যয় কমিয়ে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক এবং প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতি তাঁর দলের নির্বাচনী ইশতেহারেই রয়েছে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র হজ একটি দ্বিপক্ষীয় ব্যবস্থাপনার বিষয়, যা বাংলাদেশ ও সৌদি আরব সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। হজের মোট ব্যয় মূলত দুটি অংশে বিভক্ত। এর প্রায় তিন-চতুর্থাংশ খরচ নির্ধারিত হয় সৌদি আরব অংশে এবং বাকি এক-চতুর্থাংশ বাংলাদেশ অংশে।

তিনি জানান, সৌদি আরব অংশের ব্যয়ের মধ্যে রয়েছে মিনা ও আরাফাতের তাঁবুভাড়া, পরিবহন ব্যয়, মক্কা ও মদিনার আবাসন খরচ, কোরবানি, ভিসা, বিমা ও অন্যান্য সেবা ফি। অন্যদিকে বাংলাদেশ অংশের ব্যয়ের বড় অংশই বিমান ভাড়ার জন্য ব্যয় হয়।

তারেক রহমান বলেন, চলতি বছর কোরবানিসহ সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এর মধ্যে সৌদি আরব অংশের ব্যয় ছিল ৩ লাখ ৭৯৭ টাকা এবং বাংলাদেশ অংশের ব্যয় ১ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা। শুধু বিমান ভাড়াই ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

তিনি আরও জানান, ২০২৫ সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সেই তুলনায় চলতি বছরে হজযাত্রীদের জন্য ব্যয় ১১ হাজার ৭৫ টাকা কমানো সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি ব্যয় এবং সৌদি আরব কর্তৃক নির্ধারিত সেবামূল্য বিবেচনায় নিয়ে সরকার আগামী বছরের হজ প্যাকেজের মূল্য আরও কমানো বা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা, যাতে ধর্মপ্রাণ মানুষ কম খরচে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...