শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা, ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ

আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

ড. এহসানুল হক মিলন বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করে বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

সেশনজট নিরসনে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাঠ্যসূচি সম্পন্ন হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধার্থে এক বছর আগেই পাবলিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক লাখ ২০ হাজার শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী ‘ইনোভেশন আইডিয়া শোকেস’ আয়োজন করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আগামী ২৮ ও ২৯ জুন এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ৩২টি সম্মেলন ও প্রদর্শনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ৪ এপ্রিল থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ছেলে ও মেয়ে উভয় বিভাগের এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ২০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকারের অন্যতম লক্ষ্য হলো আনন্দময়, মানবিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধের চর্চা, শিক্ষার্থীদের পোশাক এবং মিড-ডে মিলসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...