শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মাইক্রোওয়েভ-ওয়াশিং মেশিন বিতর্কে উত্তপ্ত সংসদ, ‘বাড়াবাড়ি না করার’ আহ্বান স্পিকারের

সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা সরবরাহের দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ কটাক্ষমূলক মন্তব্য করলে সংসদে উত্তেজনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন আন্দালিব রহমান পার্থ। বক্তব্যের শুরুতে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ একটি কার্যকর সংসদ পেয়েছে এবং বর্তমান সংসদের অন্যতম ইতিবাচক দিক হলো এখানে স্বৈরাচার বা ফ্যাসিবাদের কোনো প্রতিনিধিত্ব নেই।

তবে সাম্প্রতিক কিছু ঘটনা সংসদের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলছে উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যরা শুধু জনপ্রতিনিধিই নন, সংসদেরও প্রতিনিধি। দেশের ভেতরে ও বাইরে তারা সংসদের ভাবমূর্তি বহন করেন।

এ সময় সংবাদমাধ্যমে প্রকাশিত ‘জামায়াত এমপির ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দাবি’ শিরোনামের সংবাদের উল্লেখ করে পার্থ বলেন, এমন সংবাদ তাকে ব্যক্তিগতভাবে বিব্রত করেছে এবং সংসদের জন্যও অস্বস্তিকর।

তিনি বলেন, জনগণের সমস্যা ও দাবি তুলে ধরার জায়গা সংসদ। সেখানে একজন সদস্য যদি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন বা পর্দা না পাওয়ার বিষয় নিয়ে কথা বলেন, তাহলে সেটি সংসদের মর্যাদার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বিবেচনা করা প্রয়োজন।

একাদশ সংসদে গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার প্রসঙ্গ তুলে পার্থ বলেন, যখন বড় ধরনের সুবিধা ত্যাগ করা হয়েছে, তখন মাইক্রোওয়েভ ওভেন বা ওয়াশিং মেশিন নিয়ে সংসদে আলোচনা হওয়া দুঃখজনক।

কৌতুকের সুরে তিনি বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন দিতে প্রস্তুত আছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে একটি ওয়াশিং মেশিনের ব্যবস্থা করার অনুরোধ জানাবেন বলেও মন্তব্য করেন। এ সময় সরকারদলীয় সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

পরে বিষয়টির ব্যাখ্যা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমান বাজেট আলোচনায় অংশ নিয়ে বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি নিজের জন্য নয়, সংসদের দেওয়া আবাসিক ভবনে থাকা সব সদস্যের সুবিধার কথা বলেছেন।

স্পিকার বলেন, বিষয়টি সংসদে না তুলে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে উত্থাপন করা যেত। তবে তিনি এমন কোনো গর্হিত অপরাধ করেননি। সংসদ সদস্যদের আবাসনসংক্রান্ত বিষয় দেখভালের জন্য পৃথক কমিটি রয়েছে।

তিনি আরও বলেন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন বা পর্দা এমন কোনো বড় সুবিধা নয় যে তা নিয়ে সংসদে বড় ধরনের বিতর্ক হওয়া উচিত। এসব নিয়ে বাড়াবাড়ি করলে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে।

পার্থর বক্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, একজন সদস্যকে ব্যক্তিগতভাবে কিছু দেওয়ার প্রস্তাবও তার জন্য অসম্মানজনক হিসেবে বিবেচিত হতে পারে। কারণ তিনি নিজের জন্য নয়, সবার জন্য বিষয়টি উত্থাপন করেছিলেন।

এরপর স্পিকারের অনুরোধ উপেক্ষা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংশ্লিষ্ট সদস্য সবার জন্য একটি দাবি উত্থাপন করেছিলেন, যা সংসদে না তুলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে জানানো যেত।

তবে পার্থর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে গাড়ি, প্লটসহ নানা প্রসঙ্গ টেনে আনা হয়েছে। কেউ তার কাছে কিছু চাননি, অথচ তিনি নিজেই সবকিছু দেওয়ার প্রস্তাব দিয়ে দিয়েছেন।

জামায়াত আমির বলেন, সংসদে এমন মানসিকতা থাকা উচিত নয় যাতে কারও সম্মানে আঘাত লাগে। পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা সংসদ সদস্যদের দায়িত্ব।

উল্লেখ্য, গত বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ফ্ল্যাটগুলোর দরজা-জানালায় এখনো পর্দা লাগানো হয়নি। পাশাপাশি ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার কথা থাকলেও তা সরবরাহ করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে স্পিকারের সহায়তা কামনা করেন তিনি।

পরদিন তার সেই বক্তব্যকে কেন্দ্র করেই জাতীয় সংসদে বিতর্কের সূত্রপাত হয়।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...