কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর সহায়তায় আরও ১ কোটি ৪০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে অংশীদারত্ব নবায়নের মাধ্যমে এই নতুন অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই অর্থায়নের ফলে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০ হাজার স্থানীয় বাংলাদেশি বাসিন্দা উপকৃত হবেন। দীর্ঘস্থায়ী এ সংকট মোকাবিলায় এবার শুধু জরুরি মানবিক সহায়তা নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা তৈরির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে। এর ফলে বিশেষ করে নারী ও শিশুদের জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি কমবে। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও বন উজাড়ের চাপও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে চলমান। তাই এখন শুধু জরুরি সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আয়ের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দিতে হবে।
ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা শরণার্থীদের মৌলিক অধিকার সুরক্ষা এবং নিরাপদ ভবিষ্যতের আশা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই অর্থায়ন রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই সহায়তা কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।
সাব্বির, চট্টলা২৪

