দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেছেন ৬১ জন নবীন কর্মকর্তা। রোববার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক কমিশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৫৪ জন মিডশিপম্যান ও ৭ জন সরাসরি কমিশন্ড কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ৫ জন নারী এবং ২ জন বিদেশি কর্মকর্তা।
কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান ‘সোর্ড অব অনার’, মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ ‘নৌ প্রধান স্বর্ণপদক’ এবং অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট মো. আবিদ শাহরিয়ার অনু ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ অর্জন করেন।
নৌবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, দেশীয় প্রযুক্তির বিকাশ ও ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সঙ্গে আধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আনম্যানড এয়ারক্রাফট, উপকূলীয় নজরদারি ব্যবস্থা ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সিটি মেয়র, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, শিক্ষাবিদ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

