মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মালয়েশিয়ার শিল্পীরা পরিবেশনা করেন। অনুষ্ঠানে স্কুলশিক্ষার্থীরা জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। দুই দেশের প্রধানমন্ত্রী ও তাঁদের সহধর্মিণীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান বাসভবন থেকে বের হলে প্রবেশপথের দুই পাশে অবস্থান নেওয়া মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তাঁদের স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্নেহ প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রীর বাসভবনের মূল ফটকে এসে আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী তারেক রহমান ও জুবাইদা রহমানকে বিদায় জানান। এরপর মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরে ফিরে যান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী। তাঁরা Shangri-La Kuala Lumpur হোটেলে অবস্থান করছেন। সেখানে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।
ফারুক, চট্টলা২৪

