দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করে। নতুন নির্দেশনা অনুযায়ী, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় অথবা নির্ধারিত ব্যাংক হিসাবে প্রেরণ করতে পারবে।
সার্কুলারে বলা হয়েছে, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে।
এছাড়া প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে। বিদেশে অর্থ পাঠানোর আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কর্তন করা হয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এই ব্যবস্থার ফলে ভিসা ফি পরিশোধ ও বিদেশে অর্থ প্রেরণের প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। পাশাপাশি এ ধরনের লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়ন্ত্রণও বাড়বে।
সাব্বির, চট্টলা২৪

