২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে এবং ২০২৮ সাল থেকে দেশের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নকলের ধরন পরিবর্তিত হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নকলের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি অভিযোগ করে বলেন, গত এক দশক ধরে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করার ষড়যন্ত্র চালানো হয়েছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।
সভায় শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২২ সালের পর থেকে যারা অবসর ভাতা পাননি, তাদের জন্য আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অবসর ভাতা প্রদান কার্যক্রম শুরু করা হবে।
শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নকল ও প্রশ্নফাঁস রোধ এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

