শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মমতাজ বেগমকে

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক। শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আবেদন সমর্থন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মামলার তদন্ত চলমান থাকায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। পরবর্তীতে ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনও করা হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং ক্লাব ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার হোসেন আহত হন এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর মুক্তার হোসেন হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...