বিশ্বকাপের আবহেই ৩৯তম জন্মদিন উদযাপন করলেন আর্জেন্টিনা অধিনায়ক Lionel Messi। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় উপহার দেওয়ার পরদিন সতীর্থদের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেন বিশ্বফুটবলের অন্যতম সেরা এই তারকা।
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করার আনন্দের মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের ক্যাম্পে জন্মদিন পালন করেন মেসি। বুধবার দলের হোটেলে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সতীর্থদের সঙ্গে কেক কেটে ৩৯ বছরে পা রাখেন তিনি।
রাজকীয় আয়োজনের পরিবর্তে পুরো অনুষ্ঠানটি ছিল পারিবারিক ও দলীয় আবহে ঘেরা। জন্মদিনের আনন্দ আরও বিশেষ হয়ে ওঠে, কারণ আর্জেন্টিনা দলের প্রধান রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস এবং গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনের জন্মদিনও একই দিনে ছিল। তাঁদের সঙ্গে কেক কাটার মুহূর্ত ভাগ করে নেন মেসি।
জন্মদিন উপলক্ষে আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ওলে-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেসি বলেন, জীবনে ফুটবল ও ব্যক্তিগত পরিসরে তিনি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। এখন তার সবচেয়ে বড় চাওয়া সুস্থ থাকা এবং যতদিন সম্ভব ফুটবল খেলে উপভোগ করা।
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সতীর্থ Rodrigo De Paul মেসির জন্য একটি বিশেষ চমকের প্রস্তুতির কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে গ্যালারিভর্তি সমর্থকেরা তাকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানাবেন।
বিশ্বকাপ চলাকালে মেসির জন্মদিন উদযাপন এখন আর্জেন্টিনা শিবিরে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এই বিশেষ মুহূর্তগুলো দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধন, ঐক্য এবং অনুপ্রেরণা আরও দৃঢ় করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাব্বির, চট্টলা২৪

