চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে যাত্রা শুরু করে বিকাল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস সম্মেলনে অংশ নেন। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও সফল উদ্যোগ সম্পর্কে ধারণা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
উল্লেখ্য, মালয়েশিয়া সফর শেষে গত ২২ জুন তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

