দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ বিশেষ কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে এই কোটার আওতায় ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রশ্নে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষা ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী সেখানে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়। এ পরিস্থিতিতে দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ কোটা চালু এবং শিক্ষার ব্যয়ভার কমানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন এবং গুণগত মানোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যখাতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছরে এই কোটার আওতায় মোট ৩৯৪ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
সাব্বির, চট্টলা২৪

