শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, উদ্ধার অভিযান চলছে

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০০ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক বিবৃতিতে হতাহতের সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৪ জুন) মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে, যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলের উপকূলীয় অঞ্চল। লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। বহু ভবন ধসে পড়েছে এবং অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাবোবো রাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। এরপর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যা ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।

ভেনেজুয়েলায় অধিকাংশ ভবন ভূমিকম্প-সহনশীল প্রযুক্তিতে নির্মিত না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় সেনা ও জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ধ্বংসস্তূপে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...