শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদরাসা শিক্ষকদের মে-জুনের বকেয়া বেতন জুলাইয়ে একসঙ্গে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

মাদরাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন আগামী জুলাই মাসে একসঙ্গে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “আমি জানি, এক মাসের বেতন না পেলে কী দুর্বিষহ জীবনযাপন করতে হয়। অন্তর্বর্তী সরকার এনটিআরসিএর মাধ্যমে মাদরাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছিল, কিন্তু তাদের বেতনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেয়নি। ফলে শিক্ষকরা বেতন পাচ্ছেন না।”

তিনি জানান, এ সমস্যা দ্রুত সমাধান হবে এবং মে ও জুন মাসের বকেয়া বেতন জুলাই মাসে একসঙ্গে পরিশোধ করা হবে।

ড. এহছানুল হক মিলন বলেন, “আমরা দেখেছি, সময় যত গিয়েছে ততই এমন কিছু সমস্যা তৈরি করে যাওয়া হয়েছে, যাতে পরবর্তী সরকার কাজ করতে না পারে। এভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা তা হতে দেব না।”

বেতন জটিলতার বিষয়ে তিনি আরও বলেন, “আমার হাতে ১০০ কোটি টাকা ছিল। আমি সেই অর্থ জনতা ব্যাংকে দিয়েছি। যাদের হিসাব জনতা ব্যাংকে রয়েছে তারা বেতন পেয়েছেন। অন্যরা এখনও পাননি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

তিনি বলেন, এই দুঃখ প্রকাশ আগের সরকারের করা উচিত ছিল, কিন্তু তারা তা করেনি। বর্তমান সরকার শিক্ষকদের বেতন-ভাতা ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।

সভায় শিক্ষাখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...