শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারে এসব বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন চীনের প্রধানমন্ত্রী।

মাহদী আমিন জানান, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় একই ভেন্যু গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরটি তিনটি ধাপে সম্পন্ন হচ্ছে।

প্রথম ধাপে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী, রাজা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিতীয় ধাপে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশগ্রহণ করেন। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সফরের তৃতীয় ধাপে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বুধবার বেইজিং পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মাহদী আমিন বলেন, এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করা, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া, চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো।

এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, সেচব্যবস্থা উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

একই দিনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন ও শিল্প খাতের জন্য একটি প্রতিযোগিতামূলক ও লাভজনক গন্তব্যে পরিণত হতে পারে।

তিনি আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি আনোয়ারা ও মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং নতুন বিনিয়োগকারীদের জন্য ১৫ দিনের মধ্যে লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্টহাউজে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা, টেকসই প্রবৃদ্ধি এবং পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

মাহদী আমিন আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...