২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের যাত্রা শুরু হচ্ছে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৪৮ দলের বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ ওঠা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।
আগামী সোমবার হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-জাপান ম্যাচ। সেলেসাওরা জয় পেলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে ও আইভরিকোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
নরওয়ে ‘আই’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে। দলটির আক্রমণভাগের বড় ভরসা আর্লিং হলান্ড, আর মাঝমাঠে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। অন্যদিকে ব্রাজিলের আক্রমণে রয়েছেন ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার। ফলে ব্রাজিল ও নরওয়ে শেষ ষোলোতে মুখোমুখি হলে সেটি হতে পারে নকআউট পর্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি।
অন্যদিকে নরওয়ে ও আইভরিকোস্টের মধ্যকার শেষ ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ডালাসে, বাংলাদেশ সময় রাত ১১টায়। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ।
তবে তার আগে ব্রাজিলের পুরো মনোযোগ জাপানের বিপক্ষে জয় তুলে নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করার দিকে। এরপরই পরিষ্কার হবে সেলেসাওদের নকআউট যাত্রার পরবর্তী সমীকরণ।
সাব্বির, চট্টলা২৪

