শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

কারাকাস, ২৭ জুন: ৭ মাত্রার বেশি শক্তিশালী জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে গত দুই দিনে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩ হাজার ৩৬০ জনকে। তবে এখনও ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট (স্পিকার) জর্জ রদ্রিগুয়েজ। এক বিবৃতিতে তিনি বলেন, ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, “এমন বিধ্বংসী ভূমিকম্পের পর প্রতিটি জীবন বাঁচানো এক একটি অলৌকিক ঘটনা।”

গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এত স্বল্প ব্যবধানে আঘাত হানা এই দুই ভূমিকম্প দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে।

ভূমিকম্পে রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিস্তীর্ণ এলাকায় অসংখ্য ভবন ও বাড়িঘর আংশিক কিংবা সম্পূর্ণ ধসে পড়েছে। ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, চূড়ান্ত মৃতের সংখ্যা এক লাখও ছাড়িয়ে যেতে পারে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের লা গুয়াইরাসহ বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের উদ্ধারে মরিয়া হয়ে ছুটছেন হাজারো মানুষ। তবে ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

কারাকাসের উত্তরে লা গুয়াইরার একটি ধসে পড়া আবাসিক ভবনের সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে নাজারেথ জিমেনেজ বলেন, “হায় ঈশ্বর, আমরা ওদের ওখান থেকে কীভাবে বের করে আনব?”

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, তার ভাইবোন, ভাইপো-ভাইঝি, ভাগ্নে-ভাগ্নি ও বন্ধুদের অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তারা জীবিত আছেন কি না, সেই উৎকণ্ঠায় দিন কাটছে তার।

উদ্ধারকাজে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়ে নাজারেথ বলেন, “আমরা বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে সাহায্য চাইছি। ধ্বংসস্তূপের ভেতরে এখনও মানুষ জীবিত রয়েছে।”

লা গুয়াইরার আরেক বাসিন্দা ২৫ বছর বয়সী জেনিফার পালাসিওস জানান, তার ছয় বছর বয়সী ছেলে এবং পরিবারের আরও পাঁচ সদস্য একটি আটতলা ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন।

তিনি বলেন, “স্থানীয় মানুষ হাতের কাছে যা পাচ্ছেন, তা দিয়েই উদ্ধারকাজ চালাচ্ছেন। কিন্তু বিশাল কংক্রিটের চাঁই সরাতে ক্রেন প্রয়োজন। এখনও এখানে কোনো ক্রেন পৌঁছায়নি।”

এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “নিহতের সংখ্যা আরও বাড়বে, কারণ এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। যেসব বিদেশি বন্ধু উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে চান, আমরা তাদের স্বাগত জানাই। এই মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধার করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...