সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের সব ধরনের সমস্যা দূর করে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। সব ধরনের সমস্যা নিরসন করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে আন্তর্জাতিক অলিম্পিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। এ ক্ষেত্রে বর্তমান সরকার ক্রীড়া খাতের উন্নয়নে সহযোগিতামূলক ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ক্রীড়াবিদদের যদি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাহলে তারা বিশ্বের বুকে বুক উঁচিয়ে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করতে পারবে।’
এ সময় ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সার্বিক সহযোগিতাও কামনা করেন সেনাপ্রধান।
ফারুক, চট্টলা২৪

