বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা সর্বাধিক ম্যাচ জয় ও সর্বোচ্চ গোলের রেকর্ড আগেই নিজেদের দখলে রেখেছিল। এবার সেই গৌরবের মুকুটে যোগ হলো আরেকটি অনন্য অর্জন।
২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০টি ক্লিনশিটের মাইলফলক স্পর্শ করেছে ব্রাজিল। অর্থাৎ বিশ্বকাপের ৫০টি ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি তারা।
বিশ্বকাপে ক্লিনশিটের তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জার্মানরা ৪১টি ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখেছে। ৩৭টি ক্লিনশিট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। আর ৩২টি ক্লিনশিট নিয়ে চতুর্থ স্থানে আছে ইতালি, যারা টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছিল।
ব্রাজিলের গোলকিপারদের ব্যক্তিগত অর্জনের তালিকাতেও রয়েছে দারুণ প্রতিযোগিতা। ১৯৭০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের দুই কিংবদন্তি গোলরক্ষক এমারসন লিয়াও এবং ক্লদিও তাফারেল- দুজনেরই নামের পাশে রয়েছে আটটি করে ক্লিনশিট।
বর্তমান গোলরক্ষক আলিসন বেকার ইতোমধ্যে সাতটি বিশ্বকাপ ম্যাচে ব্রাজিলের জাল অক্ষত রেখেছেন। আগামী সোমবার (২৯ জুন) রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচেও যদি তিনি গোল না খান, তাহলে লিয়াও ও তাফারেলের রেকর্ডে ভাগ বসাবেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল খেলেছে ১১৭টি ম্যাচ। এর মধ্যে ৭৮টিতে জয়, ২০টিতে ড্র এবং ১৯টিতে হার দেখেছে দলটি। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল করেছে ২৪৪ গোল, আর ক্লিনশিটের সংখ্যা এখন ৫০- যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
ফারুক, চট্টলা২৪

