বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টবোঝাই দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় দুই বোট থেকে ২১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযানে এসব বোট জব্দ করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ অভিযান পরিচালনা করে। অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামের দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।
পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১০ জন, আর ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ১১ জনকে আটক করা হয়।
সব মিলিয়ে অভিযান থেকে ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ এবং ২১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা বোট ও মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা ও সমুদ্রসীমায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফারুক, চট্টলা২৪

