শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে রামপুরা হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা এবং পৃথক ঘটনায় আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তিন আসামিই বর্তমানে পলাতক। হাবিবুর রহমান এর আগে চানখাঁরপুল হত্যাকাণ্ডের মামলাতেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।

এ মামলায় রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

আদালত সূত্র জানায়, সকাল ১১টা ৪৮ মিনিটে রায় পাঠ শুরু হয়। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের জন্য প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায়। প্রসিকিউশন জানায়, মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। পরে ৭ আগস্ট প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। একই বছরের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি তা শেষ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।

প্রথমে গত ৪ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করা হলেও প্রসিকিউশনের আবেদনের পর তা পিছিয়ে দেওয়া হয়। পরে ১৫ জুন নতুন তারিখ হিসেবে ২৮ জুন নির্ধারণ করা হয় এবং নির্ধারিত দিনেই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলি থেকে বাঁচতে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে উঠে যান আমির হোসেন। পুলিশ তাকে ধাওয়া করলে তিনি ভবনের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। সেই অবস্থায় তার লক্ষ্য করে এক পুলিশ সদস্য ছয় রাউন্ড গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। এই ঘটনাগুলোকেই মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় এনে ট্রাইব্যুনাল এ রায় দিয়েছেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...