কারাকাস: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মানবিক সংকট দিন দিন গভীর হচ্ছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৩০ জন। এ পরিস্থিতিতে প্রায় ৬ লাখ ৮০ হাজার শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কয়েক লাখ শিশুসহ প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, দুর্যোগের কারণে অসংখ্য পরিবার নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। তারা শারীরিক আঘাত, রোগব্যাধি, বাস্তুচ্যুতি এবং মানসিক আঘাত (ট্রমা)-সহ নানা সংকটের মুখোমুখি হচ্ছে।
ইতোমধ্যে ইউনিসেফ ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠানো শুরু করেছে। সহায়তার মধ্যে রয়েছে জীবনরক্ষাকারী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সামগ্রী, তাঁবু এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী।
সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জনগণের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে জাতীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন মানবিক সহায়তাকারী অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
ত্রাণ কার্যক্রম আরও জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি শিশু সুরক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপদ পানি নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
ইউনিসেফের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সময়মতো ও পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সংস্থাটি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
সাব্বির, চট্টলা২৪

