শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হচ্ছে, বাড়তে পারে শাস্তি-জরিমানা

পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে আইন অমান্যকারীদের জন্য শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধান পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

একই প্রশ্নোত্তর পর্বে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে ভাতা বিতরণে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু হয়েছে।

তিনি জানান, ভাতার তালিকা পুনর্যাচাইয়ের লক্ষ্যে গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরে প্রবীণ ভাতাভোগীর সংখ্যা ৬১ লাখ থেকে বাড়িয়ে ৬২ লাখ করার এবং মাসিক ভাতা ৬৫০ টাকা থেকে ৭০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী অর্থবছরে ৩০ লাখ বিধবা ও স্বামী-নিগৃহীতা নারীকে মাসে ৭০০ টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ৩৮ লাখ প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করারও প্রস্তাব করা হয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ৪৪ জেলার ৫৫ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় পাইলট প্রকল্পের আওতায় তিন ধাপে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ের তথ্য হালনাগাদ করা হচ্ছে, ফলে ভবিষ্যতে সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়বে।

অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। চলতি বছরের আগস্টের শেষ নাগাদ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...