বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় শামিল হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাও। জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে দেওয়া তাঁর একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সোমবার (২৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘All the Best Team Brazil’।
তবে শুভকামনার বার্তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ছবি। ছবিটিতে রুমিন ফারহানার পাশে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সলকে।
ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।
অনেক নেটিজেন জানতে চান, ছবিটি কবে তোলা হয়েছে এবং ভিন্ন রাজনৈতিক দলের দুই সংসদ সদস্য কীভাবে একসঙ্গে ব্রাজিলের জার্সি হাতে ছবি তুললেন। আবার অনেকে দাবি করেন, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হতে পারে।
এদিকে এস এম ফয়সলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি এ ধরনের কোনো ছবি তোলার বিষয়ে অবগত নন। এতে ছবিটির সত্যতা নিয়ে আরও কৌতূহল তৈরি হয়েছে।
তবে ছবিটি এআই দিয়ে তৈরি—এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যাচাই বা প্রমাণ সামনে আসেনি। একইভাবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
একটি সাধারণ বিশ্বকাপ-শুভেচ্ছা পোস্ট ঘিরেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবিটি বাস্তব, নাকি প্রযুক্তির সহায়তায় তৈরি—এ প্রশ্নের উত্তর জানতে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনেকেই।
সাব্বির, চট্টলা২৪

