চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বের অন্যতম আলোচিত সমর্থকগোষ্ঠী হিসেবে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে দেশের ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে, তেমনি তা পৌঁছে যাচ্ছে মাঠের তারকাদের কাছেও।
আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলের তারকা গোলরক্ষক আলিসন বেকার।
সোমবার রাতে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচ শেষে মিক্সড জোনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানান দলের খেলোয়াড়রা।
দলের হয়ে সমতাসূচক গোল করা ক্যাসেমিরো বাংলাদেশ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর টি স্পোর্টসের ক্যামেরায় আলিসন বেকার বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি আপনাদের উদযাপনের অনেক ভিডিও দেখেছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’
বাংলাদেশি সমর্থকদের নিয়ে এর আগেও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
জর্ডানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে গিয়েছি এবং দেখেছি মানুষ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক ভালোবাসা।’
বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের এই উন্মাদনা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের আবেগ ও উদযাপন বিদেশি সংবাদমাধ্যম এবং খেলোয়াড়দের কাছেও বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
এদিকে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে আর্জেন্টিনা আগামী ৪ জুলাই শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দের।

